ফিফা বিশ্বকাপের আগে টিকটকারদের জন্য দারুণ খবর

5

স্পোর্টস ডেস্ক||

আগামী ১৯ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের এই জমকালো আয়োজনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলবে।

এর মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে টিকটক। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো টিকটককে বিশ্বকাপের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে ‘প্রেফার্ড ভিডিও প্ল্যাটফর্ম’ ঘোষণা করেছে।

এই বিশ্বকাপে টিকটকের কনটেন্ট ক্রিয়েটররা পাবে বিশেষ সুবিধা ও প্রবেশাধিকার। ফিফার তথ্য অনুযায়ী, সম্প্রচার স্বত্ব থাকা প্রতিষ্ঠানগুলো টিকটকের নির্দিষ্ট হাবের মাধ্যমে ১০৪টি ম্যাচের নির্বাচিত অংশ লাইভস্ট্রিম করতে পারবে।


ফিফা আরও জানিয়েছে, বিপুলসংখ্যক কনটেন্ট ক্রিয়েটর ফিফার সংরক্ষিত ফুটেজ ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি করার সুযোগ পাবেন।

ফিফার প্রতিশ্রুতি অনুযায়ী, এবারের বিশ্বকাপে দর্শকরা মাঠের ভেতর ও বাইরে এমন সব মুহূর্ত দেখতে পাবেন, যা আগে কখনো দেখানো হয়নি। নির্বাচিত ভক্তদের জন্য টিকটক অ্যাপের ভেতরে থাকবে বিশেষ কাস্টম স্টিকার, ফিল্টার ও গেমিফিকেশন সুবিধা।

বর্তমানে টিকটক বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর একটি। তবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।