দুই ব্যবসায়ীকে মারধরের পর গুলি করল চোরেরা

19

সাতক্ষীরা সংবাদদাতা।।
ডিশের তার চুরিতে বাধা দেওয়ায় সাতক্ষীরায় দুর্বৃত্তরা দুই ব্যবসায়ীকে গুলি করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ভোমরা স্থলবন্দরের শাখারা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিন (৪০) ও মো. শাহিনুর রহমান (৪২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত দুই ব্যবসায়ীই হাড়দ্দা গ্রামের বাসিন্দা। তারা যৌথভাবে ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করেন।

স্থানীয় বাসিন্দা আহসানুল্লাহ ও রেজাউল আফরোজ শাওন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে শাকরা গ্রামের সাহেব মেম্বারের বাড়ির সামনে থেকে ডিশের তার চুরি করছিলো একটি চক্র। বিষয়টি টের পেয়ে নাসির ও শাহিনুর এক চোরকে আটক করেন। এ সময় চোরচক্রের ৫-৬ জন সহযোগী তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে দুজনকে গুলি করে তারা। নাসির উদ্দিনের ডান পায়ে ও শাহিনুরের বুকের ডান পাশ ও ডান পায়ে গুলি লেগেছে।

এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করে ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শোভন মল্লিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের ভাষ্য, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। তাদের প্রাথমিক অনুমান, ককটেল বা দেশীয় কোনো বিস্ফোরক জাতীয় বস্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আঘাতেই ওই দুই ব্যবসায়ী আহত হয়েছেন। গুলির কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। যদিও আহত শাহিনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন, তাদের গুলি করা হয়েছে।