স্পোর্টস ডেস্ক।।
ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে জেকব ডাফি ও মাইকেল রাই দুর্দান্ত বোলিং করেন। এতে ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। একজন বোলার কম নিয়েও ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করা ক্যারিবীয়ানরা গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। প্রথম ইনিংসে ৭৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬ রান। সেই লক্ষ্য দলটি পেরিয়ে যায় ১০ ওভারে।
নিউজিল্যান্ডের দাপুটে এ জয়ের নায়ক জেকব ডাফি। ৩৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। এ কারণে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। ৩১ বছর বয়সী এই পেসারের টেস্ট অভিষেক হয়েছিল গত আগস্টে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের পর তৃতীয় টেস্টেও পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এই টেস্টেই অভিষেক হওয়া মাইকেল রাইও দারুণ ভূমিকা রাখেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩টি। মূলত চোটের কারণে নিউজিল্যান্ডের প্রথম পছন্দের পেসাররা না থাকায় সুযোগ পান ডাফি ও রাই। এমনকি দ্বিতীয় ইনিংসে ব্লেয়ার টিকনারও চোটের কারণে বল করতে পারেননি। এসব সীমাবদ্ধতার মাঝেও কিউইদের এই জয় আরও প্রশংসনীয়।
তৃতীয় দিনের শুরুতে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং ও কাভেম হজ ধীরে খেলতে থাকেন। দুজনে দলকে পঞ্চাশে পৌঁছে দেন। তবে ঝুঁকিপূর্ণ সিঙ্গল নিতে গিয়ে ২২ রানে রান আউট হন কিং। একই ওভারে শেই হোপও আলগা শটে রাইকে ক্যাচ দেন। এরপর ফেরেন অধিনায়ক রস্টন চেজ। কাভেম হজ এক প্রান্ত ধরে রাখার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৫ রানে তিনি আউট হন জ্যাকারি ফোকসের বলে বদলি ফিল্ডার উইল ইয়াংয়ের ক্যাচে। আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করা জাস্টিন গ্রেভসও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৫ রানে তাকে এলবিডব্লিউ করেন ডাফি। এরপর দ্রুতই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের লেজ। সহজ লক্ষ্য তাড়ায় কিউই অধিনায়ক টম ল্যাথাম আউট হলেও ডেভন কনওয়ে ও কেইন উইলিয়ামসন কোনো বিপদ ছাড়াই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল কিউইরা।











































