‘অবশেষে’ হোবার্টের জার্সি রিশাদের গায়ে

5


স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় রিশাদ হোসেন। জনপ্রিয় লীগটিতে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন টাইগার লেগ স্পিনার। গতবারও হোবার্টের হয়ে খেলার সুযোগ ছিল রিশাদের, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি। এবার আর গ্রাফিক্সের কারসাজি নয়, হোবার্টের জার্সি গায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলেন টাইগার বোলার। ক্যাপশনেও ফুটে উঠলো সে কথা।

ফেসবুক পোস্টে গতকাল হোবার্টের জার্সি গায়ে ফ্রাঞ্চাইজিটির ক্যাফেতে দাঁড়িয়ে তোলা একটি ছবিতে রিশাদ লেখেন, ‘অবশেষে হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে জড়িয়েছি। এটি পরে দারুণ লাগছে। খেলার দিকে চোখ রাখছি।’ আগামী ১৪ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশের পঞ্চদশ আসর। রিশাদদের প্রথম ম্যাচ দু’দিন পর, ১৬ই ডিসেম্বর। সব ঠিকঠাক থাকলে ঘরের মাঠ বেলেরিভ ওভালে সিডনি থান্ডারের বিপক্ষে বিগ ব্যাশ অভিষেক হতে পারে রিশাদের। দেশের বাইরে এটি দ্বিতীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে এ তারকা ক্রিকেটারের। এর আগে চলতি বছরই পাকিস্তান সুপার লীগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেন তিনি। সেখানে ৭ ম্যাচে রিশাদ নেন ১৩ উইকেট।


বাংলাদেশের স্রেফ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ মাতাবেন ২৩ বছর বয়সী রিশাদ। এর আগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০১৩-১৪ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেন সাকিব। পরের মৌসুমে খেলেন মেলবোর্ন স্টার্সের হয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে রিশাদ ছাড়াও বাকি দুই বিদেশি ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডান। হোবার্টে সতীর্থ হিসেবে রিশাদ পাচ্ছেন টিম ডেভিড, নাথান এলিস, বেন ম্যাকডারমট, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টারের মতো তারকা ক্রিকেটারদের।