বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অবস্থান ধর্মঘট পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এছাড়া সব উপজেলা কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন এলাকাবাসী।
এদিকে পূর্ব ঘোষিত সোম, মঙ্গল ও বুধবারের হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনে কিছুটা শিথিল করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডিসি অফিস ও আদালত অবরোধ কর্মসূচি থেকে হরতাল শিথিল করার এ ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম বলেন, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে হরতালে শুধু মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ পালন করা হবে। তবে এদিন দোকানপাট খোলা থাকবে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে তাদের চলাচল স্বাভাবিক রাখতে মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল-অবরোধ পালিত হবে। এ সময় শুধু মহাসড়ক অবরোধ থাকবে, ইউনিয়ন বা অভ্যন্তরীণ সড়ক খোলা রাখা হবে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেন, জরুরি সেবা দানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতাল-অবরোধের আওতার বাইরে থাকবে।
বক্তারা বলেন, সীমানা পরিবর্তনে বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। স্বল্প সময়ের মধ্যে উচ্চ আদালতে রিট করা হবে বলেও জানান বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু।
তিনি বলেন, ‘আমরা উচ্চ আদালতে রিট করার সব প্রক্রিয়া শেষ করেছি। আশা করি আগামী সপ্তাহে শুনানি হবে। আমরা কাঙিক্ষত সুবিধা পাব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।











































