Home Lead বিদ্যালয়ের প্রবেশপথ, খেলার মাঠে থইথই পানি: খুলনায় মুরগির খামারে পাঠদান

বিদ্যালয়ের প্রবেশপথ, খেলার মাঠে থইথই পানি: খুলনায় মুরগির খামারে পাঠদান

6

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।


বিদ্যালয়ের প্রবেশপথ, খেলার মাঠে থইথই পানি। বাদ যায়নি শ্রেণিকক্ষও। দাপ্তরিক কাজ করতে বাধ্য হয়ে ডিঙি নৌকায় শিক্ষকরা বিদ্যালয়ে এলেও পাঠদান চলছে আধা কিলোমিটার দূরে একটি মুরগির খামারে। এমন বেহাল অবস্থা ডুমুরিয়ার মাধবকাটি-বিলপাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।


উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে দুর্গম মাধবকাটি-বিলপাটিয়ালা গ্রামে বিদ্যালয়টির অবস্থান। চার বছর আগেও গুটুদিয়া ইউনিয়নে শৈলমারী স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন হতো। এখন খালে পলি জমে পানিপ্রবাহের পথ বন্ধ হয়ে গেছে। চলতি বছর জুলাই ও আগস্ট মাসে টানা বর্ষণে শ্রেণিকক্ষ, মাঠ ও সড়কে কোমরসমান পানি জমে যায়। এরপর থেকে বিদ্যালয়ের পাঠদান চলছে আধা কিলোমিটার দূরে হাবিব গাজী নামে এক ব্যক্তির মুরগির খামারে। বিষয়টি উপজেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে জানালেও কোনো সমাধান হয়নি বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।


দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জোবায়ের আলী ও তূর্য মণ্ডল জানায়, মুরগির বিষ্ঠার দুর্গন্ধ আর প্রচণ্ড গরমে বিছানা পেতে ক্লাস করতে হচ্ছে। রাস্তায় পানি থাকায় আসা-যাওয়ার পথে পড়ে গিয়ে কাপড়, বই-খাতা নষ্ট হয়ে যায়। এসব কারণে অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।


প্রধান শিক্ষক মফিজুল হক সরদার বলেন, পলির প্রভাবে বিলের খালগুলো সমতল ভূমিতে পরিণত হয়েছে। জমে থাকা পানি বের হওয়ার পথ নেই। বিদ্যালয়ের চারদিকে পানি। ডিঙ্গি নৌকায় এসে শিক্ষকরা দাপ্তরিক কাজ করছেন। পাঠদান চলছে মুরগির খামারে। সেখানে কোনো ওয়াশরুমও নেই।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কিছু দিন পাঠদান বন্ধ রাখা হয়েছিল। পানি না কমায় বাধ্য হয়ে খামারে পাঠদান চলছে।