।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করতে আবারো সক্রিয় হয়ে উঠেছে ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী চক্র। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা নানাভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। তারা কখনো গুজব রটাচ্ছে, কখনো ভিত্তিহীন অভিযোগ তুলছেন। উদ্দেশ্য একটাই নির্বাচনের সুষ্ঠু আয়োজন ব্যাহত করা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতপুর থানা বিএনপি’র অন্তর্গত ৫টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনিক সম্পাদকবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুহিন আরো বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ। ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। “৭১-এ যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ আবার গণতন্ত্র বিরোধী চক্রান্তে মেতে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশ যখন নির্বাচনের দ্বারপ্রান্তে, তখনই মাথাচাড়া দিয়ে উঠছে ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীরা। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের দোসর হয়ে এদেশের মানুষের রক্তে হাত রাঙিয়েছিল, আজ তারা নতুন রূপে নির্বাচন বানচালের নীলনকশা করছে। যত ষড়যন্ত্রই হোক, এদেশের ভোটাররা মাঠে থাকবে, ভোট দেবে এবং স্বাধীনতা বিরোধীদের দাঁতভাঙা জবাব দেবে। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল এবং সঞ্চালনা করেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমাম হোসেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতলুবুর রহমান মিতুল, অধ্যক্ষ জয়নুল আবেদীন, লিয়াকত হোসেন লাভলু, কবির উদ্দিন, আনসার আলী, খন্দকার ইকবাল হোসেন, আরমান হোসেন, সৈয়দ মাইনুল ইসলাম, বিল্লাহ হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।









































