খুলনাঞ্চল রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনায় তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার প্রক্টরের অফিসের এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটিটি গঠন করা হয়। তাদেরকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী।
এতে আরও বলা হয়, উক্ত ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ ও অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাইম হাসান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিন সদস্য বিশিষ্ট একটি সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করেন। সত্যানুসন্ধান তদন্ত কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমাদানের জন্য দায়িত্ব দেওয়া হলো বলে জানানো হয়।
তিন সদস্যের কমিটিতে আছেন- সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, শেহরীন আমিন ভূঁইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।
এদিকে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেছেন, এ ঘটনায় নির্বাচন কমিশন আলাদা একটি কমিটি গঠন করেছে।









































