স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি–র ২০২৫-২৬ মৌসুমের নিলামে অংশ নিচ্ছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। তালিকায় আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার মোস্তাফিজুর রহমান এবং উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। নিলামটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।
সাকিব, মোস্তাফিজ ও লিটন ছাড়াও নিলামে নাম লিখিয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটাররা, তারা হলেন, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিলামে উঠছেন মোট ৫৪১ জন ক্রিকেটার, যার মধ্যে ২৪১ জন বিদেশি। তবে নিলামে সুযোগ পাবেন সর্বোচ্চ ২৫ জন বিদেশি খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া খেলোয়াড়দের মধ্যে ৩০০ জন উঠবেন নিলামে, যেখানে জায়গা মাত্র ৫৯টি।
চমক হিসেবে এবার নিলামে নাম লিখিয়েছেন ৪৩ বছর বয়সী ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হানড্রেডে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। এবার নিজেকে দেখতে চান দক্ষিণ আফ্রিকার এই জনপ্রিয় লিগেও।
বিশ্বের প্রায় সব বড় টি-টোয়েন্টি লিগেই খেলেছেন সাকিব আল হাসান। আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশ—সবখানেই আছে তার ছাপ। তবে এসএ টোয়েন্টিতে এখনও কখনও খেলেননি তিনি। এবার কি তবে সেই আক্ষেপ ঘুচবে?
বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)–এ, যেখানে সর্বশেষ ম্যাচেই ২০ বলে দুর্দান্ত ফিফটি করেছেন তিনি। পাশাপাশি কানাডার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগ ‘সুপার সিক্সটি’–তেও নাম লিখিয়েছেন।
উল্লেখ্য, সাকিব জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন প্রায় এক বছর আগে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত তিনি। ফলে তাঁর এসএ টোয়েন্টিতে খেলার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি।
এদিকে এসএ টোয়েন্টির পরবর্তী মৌসুম শুরু হবে ডিসেম্বরে—যে সময়েই হয়ে থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে কারণে এসএ টোয়েন্টিতে দলে সুযোগ পেলেও সব বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়পত্র নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।











































