কাপ্তাই বাঁধের পানি বিপৎসীমায়: ফের খুলে দেওয়া হল স্পিলওয়ের ১৬ গেট

8
Spread the love


খুলনাঞ্চল রিপোর্ট
নয় দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদের পানি পুনরায় বিপৎসীমায় পৌঁছে গেছে। এর ফলে আবারও বাঁধের স্পিলওয়ের ১৬ গেটের ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। বুধবার রাত ৮টা ৮মিনিটে স্পিলওয়েগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এর আগে কাপ্তাই বাঁধের পানি বিপৎসীমায় চলে আসায় ৭ দিন টানা বাঁধের স্পিলওয়ে খোলা রাখা হয়েছিল। পরবর্তীতে পানি নিয়ন্ত্রণে আসায় গত ১২ আগস্ট সকালে বন্ধ করে দেওয়া হয় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে ধেঁয়ে আসা এবং পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমায় পৌঁছে যায়। ফলে চলতি বছর দ্বিতীয়বারের মতো পুনরায় বুধবার বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার সিদ্ধান্ত হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। এছাড়া কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে অপসারিত হচ্ছে।