আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতীয়রা।দেশটির ব্যবসায়ীদের পাশাপাশি নরেন্দ্র মোদির সমর্থকরাও মার্কিনবিরোধী এই মনোভাবে সমর্থন দিচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয়দের এই বয়কটের মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস ও কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপলের মতো যুক্তরাষ্ট্র-ভিত্তিক বহুজাতিক বিভিন্ন কোম্পানি। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতে দ্রুত বাড়তে থাকা সচ্ছল ভোক্তা শ্রেণিকে লক্ষ্য করে মার্কিন ব্র্যান্ডের বড় বাজার তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারতের অবস্থান শীর্ষে। আর দেশটিতে অন্য যেকোনও ব্র্যান্ডের চেয়ে বেশি রেস্টুরেন্ট রয়েছে ডমিনোজের। প্রায়ই দোকানের তাক দখল করে রাখে পেপসি ও কোকা-কোলা। নতুন অ্যাপল স্টোরের উদ্বোধন কিংবা স্টারবাকস ক্যাফেতে অফার দেওয়া হলে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। দেশটিতে আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যবহারকে অনেকে উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করেন।
ভারতের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অফলাইনে দেশীয় পণ্য কেনা ও মার্কিন পণ্য বর্জনের ডাক জোরদার হচ্ছে। এর ফলে রপ্তানিকারকদের মাঝে উদ্বেগ এবং দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই বিষয়ে মন্তব্য জানতে ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।









































