বিএনপির বিরুদ্ধে থানায় এনসিপির মামলা, প্রতিবাদে বিএনপির থানা ঘেরাও

20


মোংলা প্রতিনিধি
মোংলায় ‘শ্রমিক সংঘ’ ( বন্দর কেন্দ্রিক শ্রমিক সংগঠন) ইস্যু বিএনপির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে এনসিপি। মঙ্গলবার রাতে থানায় এ মামলা দায়ের হয়। এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীসহ ২১জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা করেছেন। এ মামলার প্রতিবাদে বুধবার বিকেলে থানা ঘেরাও করে বিএনপি। এ সময় বক্তারা ৪৮ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন। আর বুধবার রাতের মধ্যে এনসিপির বিরুদ্ধে বিএনপির দেয়া মামলা রেকর্ডের দাবী জানানো হয়। অন্যথায় বিএনপির লাগাতার কর্মসূচিতে মোংলা বন্দর অচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দায়ী থাকবেনা বিএনপি। এর আগে একই দাবীতে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
এদিকে বিএনপি’র বিরুদ্ধে এনসিপি’র দায়ের করা মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি। পৌর বিএনপির পক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনসিপির দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবী জানান বিএনপি নেতা-কর্মীরা। এদিকে এনসিপির মামলা রেকর্ড করলেও পুলিশ রহস্যজনক কারণে বিএনপির মামলা রেকর্ড না করায় পুলিশের পক্ষপাতিত্বমূলক আচরণের কঠোর সমালোচনা করা হয় এ সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, গত ১লা মে দিবস উদযাপন উপলক্ষে গত ২৯এপ্রিল মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে পৃথক শ্রমিক সমাবেশ ডাকে বিএনপি ও এনসিপি। এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে কোন দলকেই সে সময় সেখানে সমাবেশ করতে দেয়নি প্রশাসন। তবে ওই দিন (২৯ এপ্রিল) বিকেলে শহরে বিএনপি ও এনসিপি পৃথক মিছিল বের করে। পরে সেই মিছিল সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় ওই সময় উভয় পক্ষই থানায় এজাহার দাখিল করেন। কিন্তু পরবর্তীতে মঙ্গলবার (২০মে) রাতে এনসিপির দায়েরকৃত মামলা রেকর্ড করেছে পুলিশ। মামলা রেকর্ডের খবরে বুধবার দুপুরে দ্রুত সংবাদ সম্মেলন করে বিএনপি।