Home খেলাধুলা সংঘাতের পর যে ৩ ভেন্যুতে আইপিএল চায় ভারতীয় বোর্ড

সংঘাতের পর যে ৩ ভেন্যুতে আইপিএল চায় ভারতীয় বোর্ড

13


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কারণ, ভেন্যুগুলোতে পাকিস্তানি হামলার হুমকি ছিল। এই আতঙ্কে উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ধর্মশালায় খেলা চলাকালেই বন্ধ করে দেওয়া হয় দিল্লি-পাঞ্জাবের ম্যাচ। তাই এবার ভেন্যু কমিয়ে তুলনামূলকভাবে নিরাপদ এমন ৩টি ভেন্যুতে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ইএসপিএনক্রিকইনফোর বরাত দিয়ে জানিয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে ৩টি ভেন্যুর নাম প্রস্তাব করেছে বিসিসিআই। ভারত সরকার অনুমতি দিলে সেই মাঠগুলোতে আইপিএল আয়োজিত হতে পারে।

ভারতের এই তিনটি ভেন্যু হলো- বেঙ্গালুরুর চিন্নাসামী স্টেডিয়াম, চেন্নাইয়ের চিপক ও হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। এই তিন শহর পাকিস্তান থেকে বেশ দূরে। অর্থাৎ, তিন জায়গাকে নিরাপদ মনে করছে বিসিসিআই। তিনটি শহরই দক্ষিণ ভারতে অবস্থিত।

যদি শেষ পর্যন্ত এমনটা হয়, তাহলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইডেন গার্ডেনে আইপিএলের ফাইনাল নাও হতে পারে। মূল সূচি অনুযায়ী, ইডেন গার্ডেনে কোয়ালিফায়ার-২ এবং ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও টুর্নামেন্টটি আবার কবে শুরু হতে পারে এ সম্পর্কে কিছু বলা হয়নি।

কয়েকজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, যদি বিসিসিআই সরকারের কাছ থেকে মে মাসে চলতি আইপিএল পুনরায় শুরু করার অনুমতি না পায়, তাহলে টুর্নামেন্টের বাকি অংশ বছরের শেষের দিকে খেলা হতে পারে। এ মাসেই যদি বিসিসিআই খেলা চালিয়ে যেতে চায় তাহলে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিদেশি তারকাদের ফিরিয়ে আনা। এরই মধ্যে তারা দেশে ফিরে যেতে শুরু করেছেন।