স্পোর্টস ডেস্ক
ঢাকা প্রিময়িার লিগে সাদিকুর রহমান ও এনামুল হক বিজয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৬২ রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারেই জয় তুলে নেয় তারা। এনামুল ২৭ বলে ৫২ আর সাদিকুর ৩০ বলে ৫০ রান করেন।
শাইনপুকুরের বোলারদের বিপক্ষে রান তাড়ায় নেমে দুজনে শুরু থেকেই ঝড় তোলেন। ওভারপ্রতি মাত্র ৩.২৪ রান প্রয়োজন পড়লেও তারা দশের উপরে রান তুলতে থাকেন। নবম ওভারের শেষ বলে গিয়ে বিধ্বংসী জুটিতে আঘাত হানেন রাফিউজ্জামান রাফি। ৯২ রানের জুটি ভাঙার আগে ৩০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন সাদিকুর। পরের ওভারে অবশ্য সাজঘরে ফেরেন এনামুলও। ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫২ রান করে ফেরেন তিনি।
অবশ্য দুজনের বিদায়ের পর সালমান হোসেন ইমনের ২৬ বলে ২৩ আর শামসুর রহমান শুভর ২৪ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসে ১৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় গাজী গ্রুপ। রাফি ছাড়াও শাইনপুকুরের হয়ে ১টি উইকেট তুলে নেন আল ফাহাদ।
বিকেএসপির ৩ নম্বর এর আগে মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬১ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। দলের পক্ষে ৫৯ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন জুবায়ের হোসেন। এছাড়া অনিক সরকার ২৯ আর রায়ান রাফসান রহমান ২৬ রান করেন।
শাইনপুকুরের ইনিংসে ধস নামানোর পথে ২২ রান খরচায় শামীম মিয়া ৩টি উইকেট তুলে নেন। ৩ উইকেট নিতে তোয়ায়েল আহমেদের খরচ ২৪ রান।











































