খুলনাঞ্চল রিপোর্ট।।
পাহাড়ে ইউপি নির্বাচন সামনে রেখে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে যাচ্ছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে রাঙামাটি জেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে নানিয়ারচর সেনাজোনসহ যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র, গোলা বারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাপাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের প্লাটুন কমান্ডার এবং পরিচালক প্লাবন চাকমাসহ ১৬-১৭ জন সশস্ত্র সন্ত্রাসী দল চাঁদা সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ইউপিডিএফ (প্রসীত) দলের আস্তানা থেকে ১টি ৭.৬২ মি.মি. একে-৪৭ রাইফেল (চায়না), ম্যাগাজিনসহ (১৮ রাউন্ড এ্যামুনিশন), ১টি ৭.৬৫ মি.মি. অটোমেটিক পিস্তল (চায়না), ম্যাগাজিনসহ একটি দেশীয় এলজি, ১টি ওয়াকিটকি সেট, ৩ সেট ইউপিডিএফ (প্রসীত) দলের ব্যবহৃত ইউনিফর্ম, ১টি ব্যাগ, ১টি রাইজিং ষ্টার নামক ম্যাগাজিন, ১ টি ল্যান্ড ফোন (সীম দ্বারা পরিচালিত), ২টি মোবাইল ফোন, ৩ টি চাঁদা আদায়ের রেজিষ্টার, ২টি চাঁদা আদায়ের ডায়েরী, ৪টি জাতীয় পরিচয় পত্র, নগদ ২,৪৯,১১৮.০০ টাকা এবং দেশী বিদেশী মুদ্রাসহ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয় অভিযানে।











































