কয়রায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

8


স্টাফ রিপোর্টার::


কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাবেক সভাপতি মো. বাহারুল ইসলামের বিরুদ্ধে জমি জবর দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন স্থানীয় পরিমল চন্দ্র মন্ডল। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার পিতা রামচরন সাধুর রেখে যাওয়া ৬নং কয়রা গ্রামে ৯০৩ খতিয়ানে ৫৩/৫২ দাগে প্রায় ১৬ একর জমি জবর দখল করে রেখেছে টিংকু ও তার পিতা মো. হযরত আলী সরদার, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বাহারুল ইসলাম ও তার পিতা মো. ফজর আলী সানা। জমিটি পরবর্তী সরকারের ক তফসিল বর্ণিত অর্পিত সম্পত্তি তে রূপান্তরিত হয়। সরকারি নীতিমালা অনুসারে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে আবেদন করলে ট্রাইব্যুনালের রায় তার পক্ষে আসে। কিন্তু টিংকু ও বাহারুলরা ভূমি অফিসের অফিস সহকারী মোস্তফাকে অর্থের বিনিময়ে নথি গোপন করে আমাকে ডিসিআর দেয়নি। উক্ত জমি নিয়ে ২০০৯ সালে ২৪০ নং স্মারকের আদেশ মতে নায়েবের প্রতিবেদনও আমার পক্ষে আসে। গত গত ২০ জানুয়ারি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে যাওয়ার আগে টিংকুসহ তার গ্যাংরা পথ আটকে দাঁড়ায় এবং ওই জমি নিয়ে কোন ঝামেলা করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আশপাশের লোক এগিয়ে আসলে টিংকুরা পিছিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে তিনি জীবনের চরম নিরাপত্তাহিনতায় ভুগছে। প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।