খুলনা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

9
Spread the love

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের সাধারণ পরিষদের প্রথম সভা আজ শুক্রবার সকাল ১০টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাসহ নিহত ও মৃত্যুবরণকারী সকল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করে বলেন, মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে কর্মসূচি পালিত হবে। জাতীয় দিবসসহ বার্ষিক সব কর্মসূচি গুরুত্বের সাথে পালন করা হবে। তিনি সকলকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকলকে সহযোগিতা ও একসাথে কাজ করার আহবান জানান।

সভায় কোষাধ্যক্ষ বিমল সাহা ক্লাবের ২০২১ সালের বাজেট পেশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মামুন রেজা, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ আব্দুল্লাহ, সুনীল কুমার দাস, এ এইচ এম শামিমুজ্জামান, তৌহিদুল ইসলাম তুহিন, দিলিপ বর্মন প্রমুখ। সভায় ক্লাবের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যারা উপস্থিত ছিলেন।