ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি, ক্ষতির মুখে কৃষক

11
Spread the love

খুলনাঞ্চল রিপোর্ট

সম্প্রতি ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দেশটি থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। ২ জানুয়ারি, শনিবার দেশের প্রত্যেকটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়েছে। ফলে দেশের বাজারে কমতে শুরু করেছে এর দাম। কিন্তু ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করায় দেশের কৃষকরা ক্ষতির শিকার হবেন বলে ধারণা।

জানা গেছে, এ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭টি ট্রাক দেশের বাজারে ঢুকেছে। এই ট্রাকে ১৫০ টন পেঁয়াজ ছিলো। ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে। ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙা বন্দরে আরো ২৫ ট্রাকেরও বেশি পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও দেশে ভেতরে পেঁয়াজ প্রবেশ করেছে।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, এক দিনের ব্যবধানে শনিবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০ থেকে ১৫ টাকা কমে ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। আর আমদানি করা পেঁয়াজ কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশীদ হারুন জানান, প্রথম চালানটির আমদানি মূল্য পড়েছে প্রতি কেজি প্রায় ২০ টাকা।

তবে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির বিষয়ে বিশ্লেষকরা জানান, পণ্যটি বছরের সব সময় আমদানি হয়। তবে এ সময় আমদানি করাটা কৃষকের জন্য সুখবর নয়।