খুলনায় উন্নয়ন বাধাগ্রস্তের জন্য কর্তৃপক্ষকে দুষলেন মেয়র

8
Spread the love

স্টাফ রিপোর্টার

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কারণে খুলনার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন তালুকদার আব্দুল খালেক।

মহানগরীর রাস্তাঘাট, ফুটপাথ, ব্রিজ-কালভার্ট, পয়ঃনিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২২ খালের অবৈধ দখলদারদের উচ্ছেদসহ খুলনার সার্বিক উন্নয়ন নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দের অর্থ পাওয়ার পরও বছরের পর বছর কেডিএ প্রকল্প বাস্তবায়ন করছে না। তাদের তৈরি করা রাস্তাঘাট, বাস টার্মিনালও সংস্কার করছে না। মানুষ মনে করছে সব সিটি করপোরেশনের ব্যর্থতা। আসলে তা নয়। কেডিএ’কারণে খুলনা উন্নয়নে পিছিয়ে যাচ্ছে।

মেয়র আরও বলেন, ‘কেডিএর তৈরি অধিকাংশ রাস্তা, বাস টার্মিনাল সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কেডিএ বলছে সংস্কারের অর্থ নেই। অথচ নিউমার্কেট, বাস টার্মিনাল প্লট ব্যবসা করে কোটি কোটি টাকার ডিপোজিট করে সুদ খাচ্ছেন তারা। মানুষের টাকা জমিয়ে সুদ খাবেন, অথচ রাস্তাঘাট ঠিক করবে না- এমন সেবামূলক সংস্থা থাকার কি দরকার?’

কেডিএর কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে খুলনা সিটি মেয়র বলেন, বর্তমান সরকার খুলনার উন্নয়নে একাধিক রাস্তা স্থাপনার জন্য অর্থ বরাদ্দ দিলেও তারা যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করছেন না। ফলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

অবস্থা অব্যাহত থাকলেও আগামী ছয়মাসের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরু নাহলে খুলনাবাসীকে সাথে নিয়ে আন্দোলন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশিদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তিবালা প্রমুখ।