Home আঞ্চলিক ঝাড়ুর স্ট্যান্ডে পতাকা উত্তোলন সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও গার্ড স্ট্যান্ড রিলিজ

ঝাড়ুর স্ট্যান্ডে পতাকা উত্তোলন সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও গার্ড স্ট্যান্ড রিলিজ

13

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ॥

মহান বিজয় দিবস উপলক্ষে ঝাড়ুর স্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যশোরের মণিরামপুর সোনালী ব্যাংক লিমিটেডের শাখার বিরুদ্ধে । বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এই সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, থানার ওসি রফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে দ্রুত স্ট্যান্ড পরিবর্তন করেছেন শাখাটির কর্তৃপক্ষ।

এদিকে ঝাড়–র স্ট্যাডে জাতীয় পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সর্বমহলের দাবিতে ব্যাংকের এ শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামান ও গার্ড জাহাঙ্গীর আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ শাখায় ব্যবস্থাপকের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তৌহিদুর রহমানকে। তিনি বৃহস্পতিবার সকাল থেকে মণিরামপুরে কাজে যোগ দিয়েছেন।

বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াসহ উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার ভোর থেকে মানুষ দলেদলে উপজেলা পরিষদ চত্বরে আসেন। পরিষদের পাশেই সোনালী ব্যাংকের মণিরামপুর শাখা। বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে ব্যাংকের পক্ষ থেকে পতাকা উত্তোলনের বিষয়টি নজরে আসে তখন। ব্যাংক কর্তৃক জাতীয় পতাকার অবমাননার বিষয়ে অনেকে ক্ষোভে ফেটে পড়েন। এরপর ব্যাংকের লোগোসহ ঝাড়–র স্ট্যান্ডে উত্তোলন করা জাতীয় পতাকার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

ফেসবুকারদের দাবি, পতাকা উত্তোলনের স্ট্যান্ডটি ঘর ঝাড়–র ভাঙা স্ট্যান্ড। যদিও ব্যাংক কর্তারা বলেছেন ভিন্ন কথা। তাদের দাবি, স্ট্যান্ডটি নিজেদের সুরক্ষার কাজে ব্যবহৃত জিআই পাইপ। পতাকা উত্তোলন করা নির্ধারিত স্ট্যান্ড রেখে ব্যাংকের আনসার সদস্য জাহাঙ্গীর আলম ভুল করে জিআই পাইপে পতাকা উত্তোলন করছেন। আনসার সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমি বুঝতে পারিনি।

সোনালী ব্যাংক লিমিটেড মণিরামপুর শাখার তখনকার ব্যবস্থাপক ফারুকুজ্জামান বলেন, পতাকা উত্তোলনের স্ট্যান্ডটি ঝাড়–র ভাঙাস্ট্যান্ড না। আমরা পতাকা উত্তোলনের জন্য সাদাস্ট্যান্ড নির্ধারণ করে রেখেছিলাম। আনসার সদস্য জাহাঙ্গীরকে ওই স্ট্যান্ডে পতাকা উত্তোলন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সে ভুল করে রঙিন জিআই পাইপে পতাকা উত্তোলন করেছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, সোনালী ব্যাংক যেভাবে পতাকা উত্তোলন করেছে সেটা ঠিক করেনি। আমি ব্যাংকের ডিজিএমের সাথে কথা বলেছি। দ্রুত মণিরামপুর শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।

সোনালী ব্যাংক মণিরামপুর শাখার নতুন ব্যবস্থাপক তৌহিদুর রহমান বলেন, আগের ব্যবস্থাপককে যশোর প্রধান শাখায় ক্লোজ করা হয়েছে। এখন আমি দায়িত্বে আছি।