Home খেলাধুলা সভাপতি পদটি উম্মুক্তই রাখলো আসলামের সমন্বয় পরিষদ

সভাপতি পদটি উম্মুক্তই রাখলো আসলামের সমন্বয় পরিষদ

10

ক্রীড়া প্রতিবেদক

২০০৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে উপযুক্ত ও শক্তিশালী প্রার্থী খুঁজেও ব্যর্থ হয়ে আসছিলেন তার বিরোধীরা। প্রথম ও তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বী থাকলেও দ্বিতীয় মেয়াদে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই পাস করেছেন কাজী মো. সালাউদ্দিন। এই প্রথম তার বিরুদ্ধে দুজন প্রার্থী এবং দুজনই সাবেক তারকা ফুটবলার।
বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক সভাপতি প্রার্থী হলেও তাদের কাউকেই প্যানেলভুক্ত করেনি কাজী মো. সালাউদ্দিনকে সরানোর জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালানো তার প্রতিপক্ষরা। শীর্ষ পদটি শেষ পর্যন্ত উম্মুক্ত রেখেই গতকাল বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ। আগে যাদের সভাপতি প্রার্থী দিয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচন করেছেন তাদের চেয়ে যোগ্য দুই প্রার্থী এবার কাজী মো. সালাউদ্দিনের বিপক্ষে দাঁড়ালেও শীর্ষ পদটিতে কাউকে বেছে নেয়নি সমন্বয় পরিষদ।
প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণার পর সমন্বয় পরিষদের নেতাদের বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয় সভাপতি পদটি নিয়েই। প্যানেল ঘোষণার সময় সেখানে উপস্থিতও ছিলেন একজন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। কিন্তু পরিষদের কর্মকর্তারা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন তাদের প্যানেলে কোনো সভাপতি প্রার্থী থাকছে না। শীর্ষ পদটি তারা উম্মুক্ত রেখেছেন, কাউন্সিলরা সভাপতি পদে যাকে খুশি ভোট দেবেন।
সমন্বয় পরিষদ : সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ আসলাম, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ। সদস্য আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমের খান, হাজি মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু ও শাকিল মাহমুদ চৌধুরী।

বিস্ময়কর গোলে বায়ার্নের ঘরে আরেকটি শিরোপা

ক্রীড়া প্রতিবেদক

২ গোলে পিছিয়ে পড়েও খেলায় ফিরলো বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনাও জেগেছিল। ঠিক তখনই বিস্ময়কর এক গোলে বায়ার্ন মিউনিখের শিরোপা উৎসবের আরেকটি উপলক্ষ এনে দিলেন ইয়োশুয়া কিমিচ। শরীরের ভারসাম্য না রাখতে পেরে জার্মান মিডফিল্ডার পড়ে যাওয়ার সময় বলের ওপর পা লাগলে জড়িয়ে যায় জালে। তাতে ৩-২ গোলের জয়ে জার্মান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন।
আলিয়েঞ্জ অ্যারেনায় বারুদে উত্তেজনার এক ম্যাচ মঞ্চায়িত হয়েছে। গত মৌসুমে ত্রিমুকুট জেতা বায়ার্ন নেমেছিল আরেকটি শিরোপার সন্ধানে। চিরপ্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডের বিপক্ষে ছিল নতুন মৌসুমের সবচেয়ে কঠিন লড়াই। এর ওপর ছিল আবার হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফেরার মিশনও। হফেনহেইমের বিপক্ষে আগের ম্যাচে হেরে টানা ৩২ ম্যাচ অজেয় থাকার পথে ছেদ পড়েছিল ব্যাভারিয়ানদের। সব হিসাব মিটিয়ে আবারও হাসি ফুটেছে জার্মান চ্যাম্পিয়নদের ঠোঁটে। আর এই জয়ের নায়ক কিমিচ। ৮২ মিনিটে তার বিস্ময়কর গোলেই শিরোপা উদযাপন করেছে জার্মান চ্যাম্পিয়নরা। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি তখন ২-২ গোলে সমতায়, মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে কিমিচ রবার্ত লেভানদোভস্কির সঙ্গে পাস দেওয়া-নেওয়া করলেন। পোলিশ স্ট্রাইকারের ক্রস বক্সের ভেতর থেকে জার্মান মিডফিল্ডার গোলমুখে শট নিয়েও প্রতিহত হয় ডর্টমুন্ড গোলকিপারের হাতে, যদিও তিনি বল হাতে জমাতে পারেননি। ওই মুহূর্তেই প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্যাকলে ভারসাম্য হারিয়ে মাঠে পড়ে যান কিমিচ। পড়ার মুহূর্তে বলে তার বাঁ পা লাগলে জড়িয়ে যায় জালে। এর আগে কিন্তু সহজ জয়ের ছকই তৈরি করেছিল বায়ার্ন। ৩২ মিনিটের মধ্যে তারা এগিয়ে যায় ২-০ গোলে। কোরেন্টিন তোলিসোর পর জাল খুঁজে পান টমাস মুলার। তবে আশা হারায়নি ডর্টমুন্ড। জুলিয়ান ব্রান্ডটের পর আর্লিং হলান্ড লক্ষ্যভেদ করলে ৫৫ মিনিটে সমতায় ফেরে ডর্টমুন্ড। তবে হার ঠেকাতে পারেনি। দুর্ভাগ্য ও বিস্ময়কর গোলে হতাশা নিয়ে ছাড়তে হয় মাঠ।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুইবার শিরোপা উদযাপন করলো বায়ার্ন। গত বৃহস্পতিবার সেভিয়াকে হারিয়ে জিতেছিল উয়েফা সুপার কাপের শিরোপা। গত মৌসুমে ট্রেবল জেতার পর এবারের দুই শিরোপা- বায়ার্নে উৎসব চলছেই!

ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলবে আজ

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। এবার ম্যাচের আবহে অনুশীলন করবেন ক্রিকেটাররা। জাতীয় দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলবেন। আজ শুক্রবার শুরু হবে দুইদিনের প্রথম অনুশীলন ম্যাচ। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
এই ম্যাচই শেষ নয়। আগামী ৫ ও ৬ অক্টোবর দুদিনের আরেকটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ক্রিকেটাররা। পাশাপাশি একটি তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে তারা। যা হবে ১৩ থেকে ১৫ অক্টোবর। গতকাল দুপুর দুইটায় অনুশীলন শুরুর কথা থাকলেও ৩০ মিনিট পর অনুশীলনে নামেন ক্রিকেটাররা। সেন্টার উইকেটে নেটে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, ইয়াসিন আলী রাব্বিসহ অন্যান্য ব্যাটসম্যানরা। অন্যদিকে, বল হাতে অনুশীলন সেরেছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেনরা।

জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতার ফাইনালে আনসার ও পুলিশ

ক্রীড়া প্রতিবেদক

৭ম জাতীয় পুরুষ বেসবল প্রতিযোগিতা-২০২০’ এর ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ০৯-০০ পয়েন্টে এসকেএসপি সিরাজগঞ্জকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ আনসার ১৬-০২ পয়েন্টে কমিউনিটি স্পোর্টস কাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
আজ শুক্রবার সকালে ৯ ইনিংসের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও পুলিশ। এর আগে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে। অন্যদিকে আনসার দুইবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। এবার তাদের সামনে প্রথম শিরোপা জয়ের সুযোগ। অন্যদিকে পুলিশের সামনে সুযোগ চতুর্থ শিরোপা জয়ের।

যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকে সাকিব আল হাসানের খেলার সুযোগ ছিল। সেই লক্ষ্যে বিকেএসপিতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনও করছিলেন এই অলরাউন্ডার। কিন্তু কোয়ারেন্টিন ঝামেলায় সিরিজটি স্থগিত হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে থেকে সাকিবের স্ত্রী-সন্তানেরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মার্চের দিকে সাকিবও চলে যান যুক্তরাষ্ট্রে। এরপর গত মাসে দেশে ফিরে আসেন ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে। বিকেএসপিতে অনুশীলনও শুরু করে দিয়েছিলেন জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করে এক বছর নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটার। লক্ষ্য ছিল, শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজটি আবারও স্থগিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব।

নারীদের আইপিএলে বাংলাদেশের দুই ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

করোনার আবহে বাতিল হচ্ছে না মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী নভেম্বরে দুবাইয়েই আয়োজিত হবে নারীদের আইপিএলের তৃতীয় সংস্করণ। আর সেই আসরে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশের এই ক্রিকেটারকে। ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়ানোর কথা মেয়েদের আইপিএল। টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দুই টাইগ্রেস নারীর অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত।
বাংলাদেশের দু’জন ক্রিকেটারের সুযোগ পাবেন বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে বলছে, দ্বিতীয়বারের মতো উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে যাবেন পেসার জাহানারা আলম। তার সঙ্গী হচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। যদিও জাহানারা-সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। সামনের ৮ থেকে ১০ দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে।

বোলারদের দাপটে রাজস্থানকে হারাল কলকাতা

ক্রীড়া প্রতিবেদক

বোলারদের দারুণ আধিপত্যে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১২তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে দীনেশ কার্তিকের নেতৃত্বে দলটি।
বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা কলকাতা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে পারে রাজস্থান। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কলকাতার বোলারদের সামনে রাজস্থানের টপঅর্ডাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। ওপেনার জস বাটলার ২১ রান করে বিদায় নেন। তবে দলটি কিছুটা হলেও মান বাঁচান টম কারান। মিডলঅর্ডার এই ব্যাটসম্যান ৩৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন। কলকাতা বোলারদের মধ্যে শিভাম মাভি, কামলেশ নাগোরকটি ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। এছাড়া এক উইকেট করে দখল করেন সুনিল নারাইন প্যাট কামিন্স ও কুলদ্বীপ যাদব।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার ব্যাটসম্যানরাও সুবিধে করতে পারছিলেন না। তবে টপঅর্ডারের সবাই কম-বেশি রান করায় শেষ পর্যন্ত ভালো একটি স্কোর দাঁড় করাতে পারে তারা। সর্বোচ্চ ৩৪ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৭ করেন ওপেনার শুবমান গিল। তবে শেষদিকে ইয়ন মরগান ২৩ বলে একটি চার ও দুটি ছক্কায় ৩৪ করলে ভালো সংগ্রহ পায় কার্তিকের দল।

নারী আইপিএলের তৃতীয় আসর ৪ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস বড় বাধা হলেও, গত দুই আসরের ন্যায় এবারও ‘ওম্যানস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে নারী আইপিএলের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুরুষ আইপিএলের শেষ সপ্তাহে ছয়দিনের মধ্যে চার ম্যাচ দিয়ে অনুষ্ঠিত হবে এবারের নারী আইপিএল।
গত আগস্টেই বিসিসিআই জানিয়েছিল, তিন দলের অংশগ্রহণে চার ম্যাচের এই টুর্নামেন্টটি হবে মূল আইপিএলের প্লে-অফ রাউন্ডের সময়। সেই মোতাবেক আগামী ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে আরব আমিরাতেই হবে নারী আইপিএলের তৃতীয় আসর। এমনটাই জানাচ্ছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। নারী আইপিএল খেলতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা আরব আমিরাতে পৌঁছে যাবেন। তিন দলের সব খেলোয়াড়দের একই হোটেল বায়ো সিকিউর বাবলের মধ্যে রাখা হবে।

ভিনিসিয়াসের গোলে রিয়ালে জয়ের হাসি

ক্রীড়া প্রতিবেদক

বদলি হিসেবে মাঠে নেমে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। তার একমাত্র গোলেই বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হারিয়েছে প্রতিপক্ষ রিয়াল ভ্যালাদোলিদকে। ১-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুমে অজেয় থেকে গেল সান্তিয়াগো বার্নাব্যু শিবির।
কোচ জিনেদিন জিদানের দল প্রথম দুই লা লিগা ম্যাচ থেকে পেয়েছে চার পয়েন্ট। চারটি পয়েন্টই এসেছে প্রতিপক্ষের মাঠ থেকে। ঘরের মাঠে এটাই ছিল তাদের প্রথম ম্যাচ। ভিনিসিয়াস খুব কাছ থেকে দ্বিতীয়ার্ধে রিয়ালকে (৬৫তম মিনিটে) একমাত্র জয় সূচক গোল উপহার দেন। ভ্যালাদোলিদ গোলরক্ষক দুর্দান্ত খেলা দেখিয়ে সবার নজর কেড়েছেন। মাঠের লড়াইয়ে দলকে টিকিয়ে রাখতে ফেডেরিকো ভালভার্দে ও লুকা জোভিচের দুর্দান্ত প্রচেষ্টা রুখেন দেন তিনি অসাধারণ প্রচেষ্টায়।

ছুটছেন জোকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

দেড় ঘণ্টারও কম সময়ে প্রতিপক্ষকে উড়িয়ে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচ। প্যারিসের রোলাঁ গারোঁয় বৃহস্পতিবার মাত্র এক ঘণ্টা ২৩ মিনিটে লিথুয়ানিয়ার রিচার্দাস বেরাঙ্কিসকে ৬-১, ৬-২, ৬-২ গেমে হারান ১৭ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।
চলতি বছর এখনও কোনো ম্যাচে হারেননি জোকোভিচ। ২০১৬ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা এই তারকা গত ইউএস ওপেনে শেষ ষোলোর ম্যাচে দুর্ঘটনাক্রমে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। নারী এককের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন দুই নম্বর বাছাই কারোলিনা প্লিসকোভা। ২৮ বছর বয়সী এই চেককে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ২০১৭ আসরের চ্যাম্পিয়ন ২৩ বছর বয়সী লাটভিয়ান ইয়েলেনা ওস্তাপেঙ্কো।

একই ব্যবধানে জিতল ম্যান সিটি ও ম্যান ইউ

ক্রীড়া প্রতিবেদক

বুধবারে একই বিন্দুতে মিলে গেলো ইংল্যান্ডের ম্যানচেস্টারের দুই নগর প্রতিদ্বন্দ্বী কাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরোয়া ফুটবলের টুর্নামেন্ট কারাবাও কাপে একই ব্যবধানে জিতেছে ম্যান সিটি ও ম্যান ইউ। মজার বিষয়, দিনের অন্য ম্যাচে স্কোরলাইন এক না হলেও, গোল ব্যবধান একই রেখে জিতেছে এভারটন।
শেষ ষোলোর ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যান সিটি। ব্রাইটনকে একই ব্যবধানে হারিয়ে ম্যান ইউ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে এভারটনের জয়টি ৪-১ গোলে। নকআউট ফরম্যাটের টুর্নামেন্টে তিন দলই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগে শেষ আটের টিকিট নিশ্চিত করেছিল টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেড। বুধবার রাতে বার্নলির মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে কারাবাও কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। একের পর এক আক্রমণ করলেও, গোলের দেখা পেতে কেটে যায় ৩৫ মিনিট, লক্ষ্যভেদ করেন রহিম স্টারলিং। ম্যাচের ৪৯ মিনিটের সময় দ্বিতীয় গোলটিও করেন এই ইংলিশ ফরোয়ার্ড। শেষ গোল করেন ফেরান টরেস। ম্যান সিটির মতোই প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছিল ম্যান ইউও। ব্রাইটনকে তাদেরই মাঠে পরাজয়ের স্বাদ দিয়ে ফিরেছে রেড ডেভিলরা। ম্যান ইউর জার্সি গায়ে প্রথমবারের মতো ফ্রি-কিকে গোল করেন পল পগবা। অন্য দুই গোল আসে স্কট ম্যাকটমি ও হুয়ান মাতার পা থেকে। বৃষ্টিঝরা ম্যাচে জয়ের আনন্দ সেরেছে ম্যান ইউ। ম্যান ইউ ও ম্যান সিটির মতো প্রতিপক্ষের মাঠে যেতে হয়নি এভারটনকে। নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের জালে এক হালি গোল পুরেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। হ্যাটট্রিক করেছেন দলের নতুন তারকা ডমিনিক কালভার্ট লেউইন। এছাড়া অন্য গোলটি করেছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।

প্রমাণ না থাকায় শাস্তি হয়নি নেইমারের

ক্রীড়া প্রতিবেদক

বর্ণবাদের অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। ফরাসি দৈনিক লেকিপের খবর ছিল, অভিযোগ প্রমাণিত হলে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্যারিস সেন্ত জার্মেইয়ের ভক্তদের উৎকণ্ঠায় কাটছিল সময়গুলো। তবে খুশির খবরই পেয়েছেন নেইমার ও তার ভক্তরা। প্রমাণ না থাকায় বেঁচে গিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, পড়তে হয়নি কোনও শাস্তির মুখে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখে কাছে পিএসজির হারের পর অবকাশ যাপনে ইবিজায় গিয়েছিলেন নেইমার। সেখান থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাকে থাকতে হয় মাঠের বাইরে। অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে নতুন মৌসুম শুরু করেই আবার বিতর্কের জন্ম দেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। ঘটনাবহুল ম্যাচটিতে পাঁচ লাল কার্ডের একটি দেখেছিলেন নেইমার। মার্সেই ডিফেন্ডার আলভারো গনসালেসের মাথায় আঘাত করে লাল কার্ড দেখেন তিনি। ঘটনা এ পর্যন্ত হলেও হতো। ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে ওঠে বর্ণবাদের অভিযোগ। আলভারো অভিযোগ করেন, তাকে এবং তার সতীর্থ হিরোকি সাকাইকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্য মন্তব্য করেছেন নেইমার। নেইমার নিজেও আবার আলভারোর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনার তদন্ত শেষে উপসংহারে পৌঁছেছে ফরাসি পেশাদারি লিগ কর্তৃপক্ষ (এলএফপি)।

আয়াক্সের ডেস্ট এখন কোম্যানের বার্সেলোনায়

ক্রীড়া প্রতিবেদক

আয়াক্সের সের্জিনো ডেস্টকে আগেই ক্যাম্প ন্যুয়ে ডেকে এনেছিল বার্সেলোনা। শেষ হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা। এবার শেষ হলো বাকি আনুষ্ঠানিকতাও। অর্থাৎ এখন থেকে বার্সার জার্সিতেই দেখা যাবে ডাচ বংশোদ্ভুত এই মার্কিন ডিফেন্ডফারকে।
সম্প্রতি উলভসে পাড়ি জমানো নেলসন সেমেদোর বিকল্প হিসেবেই ডেস্টকে আনা হয়েছে। কোম্যানের দলে রাইট-ব্যাক কিংবা লেফট-ব্যাক যেকোনো এক ভূমিকায় দেখা যাবে তাকে। ডেস্টকে কিনতে ২১ মিলিয়ন ইউরো খরচ করেছে কাতালান জায়ান্টরা। সঙ্গে বোনাস হিসেবে যোগ হবে আরও ৫ মিলিয়ন ইউরো। চুক্তির মেয়াদ ৫ বছর। তার জন্য ৪০০ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ কজের ব্যবস্থাও রাখা হয়েছে।