Home খেলাধুলা মিরপুরে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু

মিরপুরে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু

5

ক্রীড়া প্রতিবেদক

১৯৮ দিন পর গ্রুপে স্কিল ট্রেনিং করার সুযোগ পেল বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্কিল ট্রেনিং শুরু হয়েছে। স্কিল ক্যাম্পের জন্য ২৭ জন ক্রিকেটার ডাক পান। তবে প্রথম দিন ১৬ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।
গেল মার্চের মাঝামাঝি থেকে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাবার পর থেকে দেশে ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যক্তিগত অনুশীলনের আয়োজন করলে গেল ১৯ জুলাই মাঠে ফিরে ক্রিকেটাররা। বিভিন্ন ভেন্যুতে নিজেদের ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যান ক্রিকেটাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি দ্রুতই এগিয়ে আসায় বিসিবি গ্রুপ অনুশীলন শুরু করেছে। অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের বেশ কিছু পরামর্শ দেন কোচ রাসেল ডোমিঙ্গো। এরপর দুটি দলে ভাগ হয়ে ২০ মিনিট ক্রিকেটাররা ফুটবল ম্যাচ খেলেন। ফুটবল নিয়ে ঘাম ঝরানোর পর স্কিল ট্রেনিং শুরু করেন তারা।
ব্যাটিং ও স্পিন কোচ ছাড়াই স্কিল ক্যাম্প শুরু হয়েছে। বাবার মৃত্যুর কারণে ব্যাটিং পরামর্শক হিসেবে টাইগারদের দায়িত্ব নিতে পারছেন না ক্রেইগ ম্যাকমিলান। তবে ভেট্টোরি যোগদানের বিষয়ে এখনো জানাতে পারেননি। অবশ্য এর আগে, ভেট্টোরি জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দেবেন তিনি। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়ায়, ভেট্টোরি আগে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে বিসিবি। বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লি’র সাথে ক্যাম্পের দেখভাল করছেন প্রধান কোচ ডোমিঙ্গো।

চ্যাম্পিয়নদের হারিয়ে উড়ন্ত সূচনা চেন্নাইয়ের

ক্রীড়া প্রতিবেদক

টুর্নামেন্ট শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়দের বয়স নিয়ে আলোচনা হয়েছে অনেক। মারকাটারি টি-টোয়েন্টি ক্রিকেটে চেন্নাইয়ের ত্রিশোর্ধ্ব বয়সের ক্রিকেটাররা কতটা কার্যকর হবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
মাঠের খেলা শুরু হতেই মিলল জবাব। বুড়ো হাড়ের ভেলকি দিয়েই আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে চেন্নাই। টুর্নামেন্টের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে ৫ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির ‘বুড়ো’দের চেন্নাই। মুম্বাইয়ের করা ১৬২ রানের সংগ্রহ ৪ বল হাতে রেখেই টপকে গেছে তারা। চেন্নাইয়ের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ৩৪ বছর বয়সী আম্বাতি রাইডু এবং ৩৬ বছর বয়সী ফাফ ডু প্লেসি। মাত্র ৬ রানে দুই উইকেট পতনের পর ফাফ ও রাইডু মিলে গড়েন ১১৫ রানের জুটি, তাও মাত্র ১৪ ওভারে। দলীয় ১২১ রানের মাথায় ৪৮ বলে ৭১ রান করে ফেরেন রাইডু। তবে দলকে জয়ের বন্দরে নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ফাফ। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস। এর সঙ্গে স্যাম কুরান ৬ বলে ১৮ রানের কার্যকরী ক্যামিও ইনিংস খেললে সহজ হয় চেন্নাইয়ের জয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা আর কুইন্টন ডি কক ২৮ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৪৬ রান। তবে দারুণ এই শুরু ভেস্তে যায় মুম্বাই টানা দুই ওভারে রোহিত (১০ বলে ১২) আর ডি কককে (২০ বলে ৩৩) হারালে। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে (১৬ বলে ১৭) নিয়ে অবশ্য সেই ধাক্কা অনেকটাই সামলে নিয়েছিলেন সৌরভ তিওয়ারি। একটা সময় ৩ উইকেটে ১২১ রান ছিল মুম্বাইয়ের। কিন্তু ১৫তম ওভারে এসে ফের জোড়া ধাক্কা। এক ওভারেই রবীন্দ্র জাদেজার শিকার দুই ব্যাটসম্যান। ভারতীয় এই স্পিনারের ঘূর্ণিতে ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪২ রান করে সৌরভ ফেরেন ডু প্লেসিসের ক্যাচ হয়ে। তিন বল পর আউট হন বড় ২ ছক্কা হাঁকিয়ে ১০ বলে ১৪ রান করা হার্দিক পান্ডিয়াও।
এরপর বল হাতে চমক দেখিয়েছেন লুঙ্গি এনগিদি। ক্রুনাল পান্ডিয়ার (৩ বলে ৩) পর মুম্বাই ব্যাটিংয়ের শেষ ভরসা কাইরন পোলার্ডকে (১৪ বলে ১৮) ফিরিয়েছেন প্রোটিয়া এই পেসার। পকেটে পুরেছেন জেমস প্যাটিনসকেও (৮ বলে ১১)। ধুঁকতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স এরপর আর বেশিদূর আগাতে পারেননি। ৯ উইকেটে ১৬২ রানেই থামতে হয়েছে চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের।

বিভিন্ন লিগের ট্রফি বিতরণ আজ

ক্রীড়া প্রতিবেদক

মতিঝিলস্থ বাফুফের ভবনের সামনে মাঠে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল। এক পাশে বড় এক মঞ্চ। অনেকের কাছেই মনে হতে পারে ৩ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে কোনো অনুষ্ঠান হবে এখানে। আসলে তা নয়, এই প্যান্ডেল ও মঞ্চ তৈরি হয়েছে তিনটি লিগের জমে থাকা ট্রফি প্রদানের জন্য।
২০১৪ সালে সর্বশেষ বিভিন্ন লিগের ট্রফি প্রদান করেছিল মহানগরী ফুটবল লিগ কমিটি। ৫ বছর জমে থাকার পর আবার ট্রফি প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে বাফুফের এই স্ট্যান্ডিং কমিটি। আজ সোমবার বিকেল সাড়ে ৩ টায় তিন লিগের জমে থাকা ট্রফি কাবগুলোকে প্রদান করবে লিগ কমিটি। ২০১৫ সাল থেকে হওয়া তৃতীয়, দ্বিতীয় ও সিনিয়র ডিভিশন লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি প্রদান করা হয়নি। এই ৫ বছরে দুটি করে লিগ হয়েছে তৃতীয়, দ্বিতীয় ও সিনিয়র ডিভিশনের। ৬টি চ্যাম্পিয়ন ও ৬টি রানার্সআপ ট্রফি প্রদান করা হবে।

শুটিংয়ের নতুন কমিটি

ক্রীড়া প্রতিবেদক

অনেকদিন ধরেই শুটিং স্পোর্ট ফেডারেশনে সভাপতি ও মহাসচিবের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে বাংলাদেশকে সবচেয়ে বেশ আন্তর্জাতিক পদক জেতানো শুটিংয়ে একধরনের স্থবিরতা নেমে আসে। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটিও গঠন করেছিল। তদন্ত কমিটির সুপারিশ ছিল নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া। শেষ পর্যন্ত তাই হয়েছে। গতকাল রবিবারই শুটিং ফেডারেশনের অগের কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারাবলে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে সরকার ২৫ সদস্যের অ্যাডহক কমিটি করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী সভাপতি মনোনীত করা হয়েছে মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে। তবে মহাসচিব পদে বহাল রয়েছেন বিলুপ্ত কমিটিতে মহাসচিবের দায়িত্ব পালন করা ইন্তেখাবুল হামিদ অপু। দীর্ঘদিন পর অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলুর। তাকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ফেডারেশনে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

হার দিয়ে শুরু রেড ডেভিলদের

ক্রীড়া প্রতিবেদক

নিজের সাবেক কাবের বিপক্ষে জোড়া গোল করলেন উইলফ্রেড জাহা। ফলে প্রিমিয়ার লিগে নিজেদের নতুন ক্যাম্পেইন হার দিয়ে শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলে ধরাশায়ী হলো কোচ ওলে গুনার সোলশজায়েরের দল।
আনদ্রোস টাউনসেন্ডের গোলে ম্যাচের সাত মিনিটের মাথায় লিড নেয় অতিথি ক্রিস্টাল প্যালেস। পরে আরও দুটি গোল যোগ করেন উইলফ্রেড জাহা। ম্যাচের ৮০ মিনিটের মাথায় ফন ডি বেক একটি গোল শোধ করেন রেড ডেভিলদের হয়ে। ইংলিশ লিগের অন্য ম্যাচে আর্সেনাল ২-১ গোলে ধরাশায়ী করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। এ নিয়ে নতুন মৌসুমের প্রথম দুটি ম্যাচই জিতে নিল কোচ মিকেল আর্তেতার গানার শিবির।

গাম্পের ট্রফি জিতল বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

জুয়ান গাম্পের ট্রফির ৫৫তম সংস্করণে এলচেকে হারিয়ে ট্রফি জিতেছে বার্সেলোনা। পাঁচ বছর পর লা লিগায় ফেরা দলটিকে ১-০ গোলে হারায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা। দলের একমাত্র গোলটি করেন আঁতোয়া গ্রিজম্যান।
কাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। গতবার দলটি আর্সেনালকে হারিয়েছিল। শনিবার ক্যাম্প ন্যু’তে প্রাক মৌসুমের এই ম্যাচে দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণেই বাঁ দিক থেকে জর্দি আলবার বাড়ানো বল ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান। ম্যাচের বাকি সময় অবশ্য বার্সা আধিপত্য বিস্তার খেললেও আর গোল হয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ২০২০-২১ মৌসুম শুরুর আগে এই নিয়ে তিন প্রস্তুতিমূলক ম্যাচের সবকটিই জিতল বার্সেলোনা।

সনের চার গোলে উড়ে গেল সাউদ্যাম্পটন

ক্রীড়া প্রতিবেদক

মাঠের লড়াইয়ে জাদু দেখালেন সন হিউং-মিন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষের জালে একাই দিলেন চার গোল। তার ক্ষুরধার আক্রমণে টটেনহ্যাম হটস্পার ৫-২ গোলে উড়িয়ে দিলো সাউদ্যাম্পটনকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে এটাই টটেনহ্যামের প্রথম জয়। এভারটনের কাছে নিজেদের উদ্বোধনী লিগ ম্যাচে ১-০ গোলে হার মেনে ছিল কোচ হোসে মরিনহোর দল। অথচ ম্যাচের ৩২তম মিনিটে পিছিয়েই পড়েছিল টটেনহ্যাম। ড্যানি ইংসের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক সাউদ্যাম্পটন। পরে টানা চার গোল (৪৫+২, ৪৭, ৬৪ ও ৭৩তম মিনিটে) করে স্পার শিবিরকে জয়ের পথ সুগম করেন সন হিউং-মিন। ৮২তম মিনিটে টটেনহ্যামকে পঞ্চম গোল উপহার দেন তারকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন সাউদ্যাম্পটনের ড্যানি ইংগস।

ফিরেই গোলের সঙ্গে জয় উপহার দিলেন এমবাপ্পে

ক্রীড়া প্রতিবেদক

ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হলেও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তাদের প্রথম তিন ম্যাচে পায়নি কিলিয়ান এমবাপ্পেকে। তবে চতুর্থ ম্যাচে করোনা জয় করে ফিরেই ফরাসি চ্যাম্পিয়নদের দাপুটে জয়ে ভূমিকা রাখলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।
এমবাপ্পে ও আনহেল দি মারিয়ার দুর্দান্ত পারফর্ম্যান্সে নিঁসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে পিএসজি। প্রথম দুই ম্যাচে হারের পর ফরাসি জায়ান্টদের এটি টানা দ্বিতীয় জয়। দুই ম্যাচ নিষিদ্ধ নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজিকে নিজেদের মাঠে শুরু থেকে চেপে ধরে নিঁস। তবে সব চাপ সামাল দিয়ে ৩৮তম মিনিটে এগিয়ে যায় টমাস টুখেলের দল। পেনাল্টি থেকে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা দ্বিগুণ করেন দি মারিয়া। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে নিঁসের জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এরপর ৬৬তম মিনিটে দি মারিয়ার পাস থেকে ব্যবধানটা ৩-০ করেন মারকুইনহোস।

শেষ দিকের গোলে আর্সেনালের জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষের মাঠে জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু করা আর্সেনাল ঘরের মাঠে পয়েন্ট হারাতে বসেছিল। তবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে শেষ দিকের গোলে পুরো ৩ পয়েন্ট পেয়েছে মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার ম্যাচটি ২-১ গোলে জেতে আর্সেনাল। আলেকসঁদ লাকাজেত স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সফরকারীদের সমতায় ফেরান আন্তোনিও। শেষ দিকে জয়সূচক গোলটি করেন এডি এনকেটিয়া। ফুলহ্যামের মাঠে ৩-০ গোলে জেতা ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনে খেলতে নামা আর্সেনাল বল দখলে আধিপত্য করলেও শুরুতে তাদের আক্রমণে ধার ছিল না। ২৫তম মিনিটে দলকে এগিয়ে নেন লাকাজেত। পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের বুদ্ধিদীপ্ত ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড। প্রথম ম্যাচেও দলের প্রথম গোলটি করেছিলেন তিনি। অষ্টম স্থানে থেকে গত লিগ শেষ করা আর্সেনাল লিড ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ওয়েস্ট হ্যামকে ম্যাচে ফেরান আন্তোনিও। ডান দিক থেকে স্বদেশি রায়ান ফ্রেডেরিকসের নিচু ক্রসে খুব কাছ থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড।

নারী ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস

ক্রীড়া প্রতিবেদক

নারী ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবহার এতদিন ছিল কেবল আইসিসির আসরগুলোতে। প্রথমবারের মতো এবার দ্বিপাক্ষিক সিরিজেও দেখা যাবে এই প্রযুক্তি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজে থাকবে রিভিউ নেওয়ার সুযোগ।
আজ সোমবার শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ম্যাচে উভয় দলের জন্যই থাকবে প্রতি ইনিংসে দুটি করে রিভিউ। করোনাভাইরাসের কারণে সব ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে। ২০১৮ ও ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ২০১৭ ওয়ানডে বিশ্বকাপের সম্প্রচার করা ১০ ম্যাচেও ছিল এই প্রযুক্তি। এবার দ্বিপাক্ষিক সিরিজেও ব্যবহার হতে যাচ্ছে এটি। আইসিসির শর্ত অনুযায়ী আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে অংশ নেওয়া পুরুষ বা নারী দুই দলের বোর্ডের বিবেচনার ভিত্তিতে রাখা হয় ডিআরএস।

ইতালিয়ান ওপেনেও আরেক কান্ড জোকোভিচের

ক্রীড়া প্রতিবেদক

এক লাইন জাজের গায়ে বল মেরে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বহিষ্কৃত হওয়ার দুই সপ্তাহের মাথায় আবার একটা কান্ড করে বসলেন নোভাক জোকোভিচ। এবার ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইতালিয়ান ওপেনে খেলতে গিয়ে রেগেমেগে ভেঙে ফেলেছেন র‌্যাকেট।
গতকাল রবিবার রোমে ইতালিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে খেলছিলেন জার্মানির ডমিনিক কোফারের সঙ্গে। দ্বিতীয় সেটের ষষ্ঠ গেমে শূন্যতে তাকে ব্রেক করেন প্রতিপক্ষ, অমনি র‌্যাকেটটা কোর্টে ছুড়ে ফেলেন জোকোভিচ। র‌্যাকেট বিকৃত হয়ে যায়, স্ট্রিং নষ্ট হয়, বাধ্য হয়ে আরেকটি র‌্যাকেটে খেলতে হয় তাকে। এতে চেয়ার আম্পায়ার সতর্কও করে দেন তাকে।

নাদালের বিদায় কোয়ার্টার ফাইনালেই

ক্রীড়া প্রতিবেদক

রাফায়েল নাদালের ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটা আশানুরূপ হল না। ইতালিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন প্রতিযোগিতার নয় বারের চ্যাম্পিয়ন। তবে আরেক ফেবারিট নোভাক জোকোভিচ সেমিফাইনাল নিশ্চিত করেছেন ঠিকই।
ক্যারিয়ারে এই প্রথম নাদাল হার মানলেন আমেরিকান ডিয়েগো শোয়ার্টজমানের কাছে। তাও আবার সরাসরি সেটে। শোয়ার্টজমান জয় পেয়েছেন ৬-২, ৭-৫ গেমে। অপর দিকে জোকোভিচ শেষ হাসি নিয়ে মাঠ ছাড়লেও হেরে গিয়েছিলেন একটি সেট। প্রথম সেটে ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেটে হেরে যান ৪-৬ গেমে। তবে তৃতীয় সেটে বাধা হয়ে দাঁড়াতে পারেননি র্যাঙ্কিংয়ের ৯৭তম জার্মান ডমিনিক কোয়েফার। শেষ সেট জোকোভিচ জিতে নেন ৬-৩ গেমে। অবশ্য এই ম্যাচেও আবার মেজাজ হারিয়ে বসেছিলেন জোকোভিচ। একটি সার্ভিস গেম হারার পর নিজের র্যাকেট ভেঙে ফেলেছিলেন। তবে জোকোভিচ ম্যাচের পর বলেছেন এ নিয়ে কাজ করছেন তিনি, ‘র্যাকেট ভেঙে ফেলার কাজটা এবারই প্রথম আর শেষবার নয়। মাঝে মাঝে নিজের রাগ এভাবেই প্রকাশ করি। তবে আমি আমার আবেগ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি।’

টটেনহামের হয়ে গেলেন বেল

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ বছর বন্ধন ছিন্ন করে টটেনহামে ফিরে গেলেন গ্যারেথ বেল। যদিও এই ফিরে যাওয়া ধারে, তবু এক মৌসুম পরে স্থায়ীভাবেও লন্ডনে থেকে যেতে পারেন তিনি।
গতকাল রবিবার এই ওয়েলস উইঙ্গারকে এক মৌসুমের জন্য ধারে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইংলিশ জায়ান্টরা। পুরনো ঠিকানায় ৯ নম্বর জার্সি পরে খেলবেন তিনি। গত শুক্রবার রিয়াল সতীর্থ সার্জিও রেগিলনকে নিয়ে স্পেন থেকে প্রাইভেট ফাইটে লন্ডনে পৌঁছান বেল। আনুষ্ঠানিকতা শেষে দুজনকেই কাবের জার্সিতে উপস্থাপন করেছে স্পার্সরা।

আমিরাতে হতে পারে ভারত-ইংল্যান্ড টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

এই শীতে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করবে ভারত। এমন সম্ভাবনার কথা জানা গেছে ১৯ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) মধ্যকার একটি চুক্তির পর। আবুধাবিতে ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দিন দুই বোর্ডের মধ্যে ‘ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন’ ঘটাতে এই চুক্তি হয়েছে।
ওই চুক্তি অনুষ্ঠানে দেশটিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে আলোচনা হয়েছে। কয়েকটি সূত্রে এমন সম্ভাবনার খবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। পরের আইপিএলও আমিরাতে হতে পারে। শনিবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি টুইট পোস্ট করে জানান, আমাদের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক বাড়াতে ইসিবির সঙ্গে ভারতীয় বোর্ড ‘আয়োজক হওয়ার চুক্তিপত্রে’ সই করেছে। ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির সঙ্গে একটি বৈঠকে এই চুক্তিপত্রে সই করেন জয় শাহ। সেখানে উপস্থিত ছিলেন ভারতের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।

চোটে বার্সার ব্রাথওয়েট

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ পরবর্তী অনুশীলনের সময় বাম পায়ে চোট পেয়েছেন বার্সেলোনার মার্টিন ব্রাথওয়েট। এক বিবৃতিতে রবিবার ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোটের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
কাম্প নউয়ে শনিবার জুয়ান গাম্পের ট্রফির লড়াইয়ে এলচেকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। এই ম্যাচে খেলেননি ব্রাথওয়েট। তবে খেলেছিলেন জিমনাস্তিক ও জিরোনার বিপক্ষে বার্সেলোনার আগের দুই প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে।